ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তরিয়তে : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে; কিন্তু এখন পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এখনও পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বহাল তরিয়তে বসে আছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ভাষাণটেক বনাম শেরে বাংলা নগর থানার উদ্বোধনী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে সেই স্বৈরাচার মুক্ত ও স্বাধীন বাংলাদেশে দেশের ক্রীড়াঙ্গনকেও আমরা পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত করতে চাই। ক্রীড়াঙ্গন থেকে ষড়যন্ত্রকারীদের সরিয়ে দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে নতুন ভাবে ঢেলে সাজাতে চাই।
তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্রীড়া সংগঠনের ক্লাব গুলোকে দলীয়করণ করে খেলার মাঠগুলোকে তারা দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে মাঠগুলোকে ধ্বংস করে ফেলেছে। আমরা চাই ক্রীড়া সংগঠনের ক্লাবগুলো যাতে দলীয়করণ মুক্ত করা হয়। ক্লাব গুলোতে রাজনৈতিক স্বৈরাচারী অনুসারীদের যে প্রভাব এখনও রয়ে গেছে, সেগুলো থেকে ক্লাব গুলোকে মুক্ত করতে হবে।
আমিনুল হক বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে গত ১৭ টা বছর আন্দোলন সংগ্রাম করেছি; যে আন্দোলন সংগ্রামের কারণে আমাদের অনেক ভাইদের জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। সবশেষ গত জুলাই আগস্টে ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা সেই রক্তের দাগ ও গত ১৭ বছরের আন্দোলনের দুঃসহ স্মৃতি দেখেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেটা কেউ ভূলে যাইনি।
ভিওডি বাংলা/ এমএইচ







