• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তৃণমূলের পরাজয়ে ফের আলোচনায় মেসির ‘কলকাতা সফর’

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৫ মে ২০২৬, ১০:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ২০২৫ সালে আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরের ঘটনা। অনেকেই ‘মেসির স্মৃতি’ নিয়ে পোস্ট দিচ্ছেন। ক্রীড়াপ্রেমী পশ্চিমবঙ্গবাসী এবার ব্যালটে তাদের ক্ষোভ মিটিয়েছে বলেও লিখেছেন কেউ কেউ।

২০২৫ সালের ডিসেম্বরে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে চরম অব্যবস্থাপনা দেখা দেয়। এতে ফুটবল ও মেসির ভক্তদের মাঝে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। আনন্দ-উৎসবের পরিবর্তে বিশৃঙ্খলায় রূপ নেয় যুব ভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানটি। এমনকি গ্রেপ্তার করা হয় আয়োজককে। তৃণমূলের ভিআইপিদের আচরণে ক্ষোভে ফেটে পড়ে গোটা রাজ্য। তাদের কারণেই সাধারণ মানুষ মেসিকে দেখতে পারেনি বলে অভিযোগ ওঠে।

সোমবার (৪ মে) মমতার দলের পরাজয়ের পর ভারতের ধারাভাষ্যকার শুভব্রত মুখার্জি নিজের ফেসবুকে লিখেছেন, ‘বাঙালি ফুটবলপ্রেমী মানুষের কাছে এই দিনটা শুধু লজ্জার ছিল না, ছিল অনেক কষ্টের… কষ্টের টাকা খরচ করে সেদিন একমাত্র এই লোকটা (তৃণমূল নেতা) লিওনেল মেসির কোমর জড়িয়ে যে নোংরামি করেছিল… তা আজ ইতিহাস…’

এরপর তিনি যোগ করেন, ‘সেই লোকগুলো আজ কিছুটা হলেও নিশ্চয়ই শান্তি পেয়েছে… হয়তো সেই মানুষটিও আজ শান্তি পেয়েছে, যাকে ‘বলির পাঁঠা’ করার প্ল্যান হয়ে গিয়েছিল… সব আক্রোশ তার দিকে ঘুরিয়ে তাকে আরেকটা ‘সুদীপ্ত সেন’ বানানোর চেষ্টা হয়েছিল… সেই মানুষটি আমার ফ্রেন্ড লিস্টে থাকলেও তাকে ট্যাগ করলাম না স্বাভাবিক কারণে… আশা রাখি এই পোস্ট তার কাছেও পৌঁছাবে। আপনারা কেউ সেদিন কি সল্টলেকে উপস্থিত ছিলেন? জানাবেন সেদিনের অভিজ্ঞতা।’

এই ঘটনাটি তখন কেবল একটি ব্যর্থ ক্রীড়া আয়োজন হিসেবে সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে রাজনৈতিক বিতর্কে রূপ নেয়। তৃণমূল সরকারের অধীনে আয়োজিত এই ইভেন্ট নিয়ে প্রশ্ন ওঠে পরিকল্পনা, নিরাপত্তা এবং সর্বোপরি ‘ভিআইপি সংস্কৃতি’ নিয়ে। টিকিট কেটে আসা হাজারো দর্শক অভিযোগ করেন, তারা স্টেডিয়ামে ঢুকতেই পারেননি বা ঢুকেও বিশৃঙ্খলার মধ্যে পড়েছেন।

অন্যদিকে প্রভাবশালী ব্যক্তিদের বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ জনমনে তীব্র ক্ষোভ তৈরি করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবিতে সেই বৈষম্যের চিত্র আরও স্পষ্ট হয়। অর্থনৈতিক দিক থেকেও ক্ষতির কথা উঠে আসে। কোটি টাকার টিকিট বিক্রি, স্পন্সরশিপ ও আয়োজন ব্যয়ের বিপরীতে দর্শকদের অসন্তোষ পুরো ইভেন্টটির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে। অনেকেই টাকার বিনিময়ে প্রত্যাশিত অভিজ্ঞতা না পাওয়ার অভিযোগ তোলেন।

এই ঘটনা সরাসরি নির্বাচনের ফল নির্ধারণ না করলেও শহুরে মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের একাংশের মধ্যে তৃণমূলের প্রতি হতাশা বাড়িয়ে দেয় বলে মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের। বিশেষ করে ‘আমাদের মানুষ’ ইমেজে পরিচিত দলের সঙ্গে এই ধরনের এলিট আচরণের অভিযোগ সাংঘর্ষিক হয়ে ওঠে। ফলে মেসির সেই সফর অনেকের কাছে হয়ে ওঠে ক্ষমতার ব্যবহার, ব্যবস্থাপনার ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতার প্রতীক। আর তৃণমূলের পরাজয়ের পর সেই প্রতীকই নতুন করে ফিরে এসেছে আলোচনায়।

ভিওডি বাংলা/ এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিনিসিয়ুসের জোড়ায় রিয়ালের জয়, অপেক্ষা বাড়ল বার্সার
ভিনিসিয়ুসের জোড়ায় রিয়ালের জয়, অপেক্ষা বাড়ল বার্সার
নাহিদের আগুন ঝরানো বোলিংয়ে চ্যাম্পিয়ন পেশোয়ার
নাহিদের আগুন ঝরানো বোলিংয়ে চ্যাম্পিয়ন পেশোয়ার
তৃণমূলের প্রতিভায় গড়ে উঠবে বিশ্বমুখী ক্রীড়া: প্রতিমন্ত্রী আমিনুল হক
কূটনীতিতেও নতুন জোর তৃণমূলের প্রতিভায় গড়ে উঠবে বিশ্বমুখী ক্রীড়া: প্রতিমন্ত্রী আমিনুল হক