ডিবি কার্যালয়ে শাওন-সাবা, চলছে জিজ্ঞাসাবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
গতকাল রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন গ্রেপ্তারের কিছু সময় পর অভিনেত্রী সোহানা সাবার আটক হওয়ার খবর পাওয়া যায়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।
ডিবি কার্যালয়ে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। তবে তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ। তবে ডিবি কার্যালয় থেকে জানা যায় রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ।
ডিবির একটি সূত্র বলছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা তাদের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
দেশজুড়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর-আগুন দেওয়ার মধ্যে গতকাল সন্ধ্যায় জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তার গ্রেপ্তার হওয়ার খবর আসে।
ভিওডি বাংলা/এম







