জেলা প্রশাসক সম্মেলন ২০২৬
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ৩ শতাংশ। আমরা একে ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর দিনের প্রথম অধিবেশনে এ কথা বলেন তিনি।
পর্যটনমন্ত্রী বলেন, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নে বদ্ধপরিকর। আর এ যাত্রায় আমাদের জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমি আশা রাখি।
তিনি আরো বলেন, সারাদেশে ১,৭৪২টি পর্যটন স্পট আছে। আমরা দেশের পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন করছি। আপনাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে আমরা পর্যটন খাতকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ।
এ সময় মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি এবং তেওতা জমিদার বাড়িকে পর্যটক আকর্ষণে উন্নয়ন করার জন্য সংস্কৃতি বিষয়কমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সম্মেলনে জেলা প্রশাসকদের উদ্দেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমি বিশ্বাস করি, আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় পরিবর্তনের অগ্রদূত হতে পারেন। একটি নতুন পর্যটন স্পট, একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ, একটি সৃজনশীল উদ্যোগ- এসবই পারে একটি জেলার অর্থনীতি বদলে দিতে। মনে রাখবেন, বাংলাদেশকে বিশ্বের পর্যটন মানচিত্রে উজ্জ্বলভাবে তুলে ধরার যাত্রা শুরু হবে আপনাদের হাত ধরেই।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অধিবেশনে সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এফএ







