• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম

   ৩ মে ২০২৬, ০৯:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নাসিরুদ্দিন পিন্টু ততদিন বেঁচে থাকবেন যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রোববার (৩ মে) রাজধানীর হাজারীবাগে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, “আমি বিশ্বাস করি, যদি বিএনপি বেঁচে থাকে তাহলে বাংলাদেশ বেঁচে থাকবে। আর বাংলাদেশ বেঁচে থাকলে নাসিরুদ্দিন পিন্টুকে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

তিনি বলেন, নাসিরুদ্দিন পিন্টু আজন্ম একজন সংগ্রামী মানুষ ছিলেন। হাফ প্যান্ট পরা অবস্থা থেকে তার রাজনীতির সূচনা, আর কাফনের কাপড় পরার আগ পর্যন্ত তিনি কোনো আপস করেননি। সংগ্রামই ছিল তার জীবনের মূল শক্তি।

আবদুস সালাম আরো বলেন, আজকের এই সমাবেশে মা-বোন, মুরুব্বিদের উপস্থিতিই প্রমাণ করে এলাকার মানুষ তাকে কতটা ভালোবাসত। শুধু লালবাগ নয়, সারাদেশে অসংখ্য নেতাকর্মীর রাজনীতির হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। তিনি বহু নেতা ও সংগঠন তৈরি করেছেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, নাসিরুদ্দিন পিন্টু মৃত্যুর আগ পর্যন্ত আপসহীন ছিলেন। জেলে থেকেও তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতেন। “আমি নিজে সিটি সেক্রেটারি থাকাকালে দেখেছি—বাইরের অনেক নেতার চেয়েও জেলের ভেতর থেকে তিনি আমাকে বেশি সহযোগিতা করেছেন। কোনো ভয়-ভীতি তাকে দমাতে পারেনি। আদর্শের জন্য লড়াই করাই ছিল তার জীবনের লক্ষ্য। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ও বিনয়ী মানুষ ছিলেন,” বলেন তিনি।

নাসিরুদ্দিন পিন্টুর জনপ্রিয়তার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, “আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু মানুষের ভালোবাসায় তিনি এখনো বেঁচে আছেন। এই উপস্থিতিই তার প্রমাণ।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, পিন্টুর পরিবারের ত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবে তাদের মূল্যায়ন করা হয়েছে। একইভাবে দলের জন্য ত্যাগী নেতাকর্মীদেরও মূল্যায়ন করা হয়।

কামরুজ্জামান রতন ও হামিদুর রহমান হামিদের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দলের জন্য কষ্ট ও ত্যাগ স্বীকার করায় তাদেরকে সংসদ সদস্য করা হয়েছে। বিএনপি কর্মীদের মূল্যায়ন করে বলেই দলটি টিকে থাকবে।

তিনি আরো বলেন, লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজারসহ আশপাশের এলাকা দীর্ঘদিন অবহেলিত ছিল। ভবিষ্যতে সুযোগ পেলে তিনি নিজেও উন্নয়নে কাজ করবেন বলে আশ্বাস দেন।

নাসিরুদ্দিন পিন্টুর মৃত্যুর প্রসঙ্গে আবদুস সালাম দাবি করেন, এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং একটি পরিকল্পিত হত্যা। তিনি বলেন, রাজশাহী কারাগারে নেওয়ার পরই ষড়যন্ত্রের আভাস পাওয়া গিয়েছিল। আমি বিশ্বাস করি, একদিন এর বিচার বাংলার মাটিতেই হবে।

পিন্টুর ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেন, তিনি কখনো নামাজ-কাজা করতেন না, রোজাও ভাঙতেন না। সাহসী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী।

সবশেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের প্রতি ভালোবাসা অটুট রাখতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির