• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লিমন-বৃষ্টির স্মরণে ইউএসএফে শোকসভা

ভিওডি বাংলা ডেস্ক    ৩ মে ২০২৬, ০৩:৩৫ পি.এম.
ইউএসএফ ক্যাম্পাসে লিমন ও বৃষ্টির স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সহপাঠীরা: ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)-এ নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির স্মরণে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই শোকসভায় পরিবার, বন্ধু, সহপাঠী ও শিক্ষকরা অংশ নিয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শোকসভায় ক্যাম্পাসজুড়ে নেমে আসে নীরবতা ও শোকের আবহ। শত শত মানুষ লিমন ও বৃষ্টির ছবির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

নিহতদের সহপাঠী ওমর হোসাইন বলেন, লিমন ও বৃষ্টি ছিলেন অত্যন্ত বন্ধুসুলভ ও সহৃদয় মানুষ। তাদের আচরণ ও আন্তরিকতা সবাইকে মুগ্ধ করত। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, “আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম শোক প্রকাশ করে বলেন, লিমন ও বৃষ্টির স্মৃতি সবসময় বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে ধারণ করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতেও তাদের স্মরণ রাখা হবে।

অন্যদিকে, হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, এমন নৃশংসতা সমাজের মৌলিক মূল্যবোধের পরিপন্থী। তিনি জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বাসচালক ক্যাথরিন জোন্স লিমনের স্মৃতিচারণ করে বলেন, “তার হাসি ছিল অসাধারণ। আমি সবসময় সেই হাসিটিই মনে রাখবো।” তার এই কথায় শোকসভায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী সপ্তাহে সমাবর্তন অনুষ্ঠানে লিমন ও বৃষ্টিকে বিশেষভাবে সম্মান জানানো হবে। পাশাপাশি তাদের নাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে যুক্ত করা হবে, যেখানে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। পরবর্তীতে তাদের হত্যার বিষয়টি নিশ্চিত হয়। হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস জানায়, এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ফ্লোরিডায় বৃষ্টির খোঁজে দেহাবশেষ উদ্ধার, পরিচয় অজানা
ফ্লোরিডায় বৃষ্টির খোঁজে দেহাবশেষ উদ্ধার, পরিচয় অজানা