অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর আইজিপির

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রযুক্তি এখন শুধু উন্নয়নের হাতিয়ার নয়, এটি অপরাধের ধরনও পরিবর্তন করছে। অপরাধীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৌশল নিচ্ছে। এ অবস্থায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
বুধবার (২৯ এপ্রিল) বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সম্মেলনকক্ষে নয়টি নতুন অ্যাপ ও সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের দিকে এগোচ্ছে, যেখানে প্রযুক্তি অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই পুলিশ বাহিনীর কার্যক্রমেও প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে।

তিনি বলেন, এআইভিত্তিক ট্রাফিক আইন ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে সড়কে আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
‘হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম’ নগরীর আবাসিক হোটেলগুলোর অতিথি ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করবে বলে জানান তিনি। এর মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও গোয়েন্দা কার্যক্রম আরও শক্তিশালী হবে।
আইজিপি আরও বলেন, ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ নাগরিক ও পুলিশের মধ্যে যোগাযোগ সহজ করবে। এর মাধ্যমে জনগণ দ্রুত সেবা গ্রহণ, অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সহায়তা পেতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন, এসব প্রযুক্তিনির্ভর উদ্যোগ পুলিশের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইজিপির বক্তব্যের আগে আনুষ্ঠানিকভাবে নয়টি অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করা হয়। এগুলো হলো—এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম; হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম; হ্যালো ডিএমপি অ্যাপ; ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম; ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম; ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম; ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার; ডিএমপি এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার; ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।
ভিওডি বাংলা/এম আই/আ







