‘নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার অনেক উন্নয়ন করেছে, কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি। দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে সবার আগে গ্রামের উন্নয়ননে পদক্ষেপ নিতে হবে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামকে উন্নয়ন বঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহারের আহ্বান জানিয়ে মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল। আমি পরিকল্পনা মন্ত্রী থাকাকালীন গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে। একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে। কিছু নেতা লোভ লালসা বিত্ত বৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে।
পরে তিনি সুবিধাবঞ্চিত স্থানীয়দের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এরপর বিকালে গাজীপুরের কালিগঞ্জের বরাইয়া পশ্চিমপাড়া গ্রামে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ড. মঈন খান।
এ সময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে আসছি। সেখানে মসজিদের ইমাম এবং স্থানীয় মুরুব্বিরদের সঙ্গেও কথা বলেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
ভিওডি বাংলা/ এমএইচ







