• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি    ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংবাদিকরা।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ), সাংবাদিক সমিতি (ইবিসাস) ও প্রেস ক্লাব।

এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর রাজনৈতিক নেতাদের এমন হামলা ন্যক্কারজনক। রাষ্ট্রীয় ব্যর্থতা ও নব্য ফ্যাসিবাদ উত্থানের ফলেই এই ধরনের হামলা সংঘটিত হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার মাধ্যমে বাকস্বাধীনতার গলা টিপে ধরা হয়েছে।

মানববন্ধনে ইবিরিইউ’র সভাপতি সাকিব আসলাম বলেন, আমাদের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাংবাদিকদের ওপর হামলা করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সাংবাদিকদের হেনস্তার পর অতর্কিত হামলা করা হয়েছে। শাহবাগ থানায় সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা থাকলেও সেখানে মব সৃষ্টি করা হয়েছে। আপনারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন সেটি আপনাদের আদর্শের সাথে যায় না।

ইবিসাস-এর সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে যারা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চেয়েছে, তাদের পরিণতি ভালো হয়নি। সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে ভবিষ্যতেও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি, সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম সবসময় সচল থাকবে।

ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন বলেন, সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, বরং মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। অতীতে ক্ষমতাসীনদের আমলেও সাংবাদিকদের ওপর হামলার নজির রয়েছে, যার পরিণতি সবাই দেখেছে।

এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের সকল ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার সামনে এবং থানা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘবদ্ধ হামলার ঘটনায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত, জরুরি সভা ডেকেছে ছাত্রদল
ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত, জরুরি সভা ডেকেছে ছাত্রদল
ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ
ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ