দেশকে পুনর্গঠনে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করা এবং দেশকে পুনর্গঠন করতে সরকার সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে চায়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি এবং বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি: মাস্টারপ্ল্যান (২০২৬-২০৩১) উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ব্যাপক লুটপাটের কারণে বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বিশাল বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই দেশকে পুনর্গঠন করতে সরকার সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে চায়।
মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইতালির শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত থাকলেও পরবর্তীতে কূটনৈতিক স্থবিরতা ও কার্যকর তদারকির অভাবে তা ব্যাহত হয়। এবার ২০৩১ সালের মধ্যে ইউরোপে দশ লাখ জনশক্তি পাঠানোর মাস্টারপ্ল্যান গ্রহণ করেছে ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি। সংগঠনটি প্রস্তাব করেছে— প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত ইউরোপীয় উইং গঠন এবং ইউরোপ ও বাংলাদেশ সরকারের দূতাবাসের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার।
তিনি জানান, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুটি খাত তৈরি পোশাক ও রেমিট্যান্সের ওপর কেবল নির্ভর না করে আয়ের উৎস আরও বাড়াতে হবে। বিশেষ করে পর্যটন খাতের উন্নয়ন এবং কুয়াকাটা ও কক্সবাজারে আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বিকল্প ক্ষেত্র তৈরির দিকে নজর দিতে হবে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ বর্তমানে জনতাত্ত্বিক লভ্যাংশের সুবর্ণ সময় পার করছে। এই বিশাল কর্মক্ষম জনশক্তিকে কেবল সাধারণ শ্রমিক হিসেবে নয়, বরং উন্নত জ্ঞান ও দক্ষতায় শিক্ষিত করে বিশ্ববাজারে পাঠাতে হবে।
প্রবাসীদের দেশের অ্যাম্বাসেডর হিসেবে উল্লেখ করে তিনি তাদের আচরণগত উন্নয়ন, ভাষা শিক্ষা এবং নীতি-নৈতিকতার ওপর জোর দেন, যাতে কর্মস্থলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।
বর্তমান সরকার প্রবাসীদের স্বার্থ রক্ষা ও তাদের অবদানকে স্বীকৃতি দিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত ‘ইউরোপীয় উইং’ গঠনের প্রস্তাব করা হয় এবং দক্ষ জনশক্তির একটি ডাটাবেজ তৈরির বিষয়ে মন্ত্রী ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন সেমিনারে মাস্টারপ্ল্যানটি উপস্থাপন করেন।
বিএনপির সর্ব ইউরোপীয় শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইটি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতারা বক্তৃতা করেন।
ভিওডি বাংলা/খতিব/এমএস







