হাম সন্দেহে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের প্রাণহানি

দেশে হামের প্রাদুর্ভাব ঘিরে উদ্বেগ বাড়ছেই, নতুন করে মৃত্যুর খবরে পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও, সারাদেশে হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৮ জনে। আর গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ৬০৭ জন।
একই সময়ে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত শনাক্ত হয়েছেন ২২৯ জন। ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা পৌঁছেছে চার হাজার ৪৬০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।
মৃত্যুর হিসাবেও রয়েছে ভিন্নতা। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৪২ জন।
অন্যদিকে, গত এক দিনে হাম সন্দেহে ১১ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে।
ভিওডি বাংলা/এমএস







