যুদ্ধবিরতির মাঝেই মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন বিমানবাহী রণতরী

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চলমান থাকলেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলে নতুন করে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করা হচ্ছে, যার নাম ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ।
গতকাল মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, গত মার্চে ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে রণতরীটি আফ্রিকার উপকূল ঘুরে বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে।
ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ মার্কিন নৌবাহিনীর একটি পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্রের বহরে থাকা মোট ১০টি এমন রণতরীর মধ্যে এটি অন্যতম।
এর আগে, গত ২৮ তারিখ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে সংঘাতের সূচনা হয়। ওই ঘটনার কয়েক দিন আগেই মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রথমে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়। পরে মার্চের মাঝামাঝি সময়ে আরও একটি রণতরী, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড, একই অঞ্চলে পাঠানো হয়।
তবে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে লন্ড্রি এলাকায় অগ্নিকাণ্ড, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি ও অন্যান্য সমস্যার কারণে সেটিকে মার্চের শেষ সপ্তাহে মেরামতের জন্য লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে ক্রোয়েশিয়ার পথে পাঠানো হয়। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, যেদিন ইউএসএস ফোর্ড মধ্যপ্রাচ্য ত্যাগ করে, সেদিনই ভার্জিনিয়া থেকে যাত্রা শুরু করে ইউএসএস বুশ।
এদিকে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
সূত্র: এএফপি, গালফ নিউজ
ভিওডি বাংলা/এমএস







