পদচ্যুত হলেন বিচারপতি আব্দুল মান্নান

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনার জের ধরে নিজের বিচারিক ক্ষমতা হারিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নান। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে তাকে পদ থেকে অপসারন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রধান বিচারপতির দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে কুমিল্লায় এপেক্স ক্লাবের অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। এ সময় তিনি বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রেখে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
এ ঘটনার জের ধরে সুপ্রিম কোর্টের পুনর্গঠিত নতুন বেঞ্চ এবং দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) থেকে বিচারপতি আব্দুল মান্নানের নাম বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিচারপতি আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। উচ্চ আদালতে যোগ দেওয়ার আগে পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
ভিওডি বাংলা/বিন্দু







