ট্রাইব্যুনালে সাক্ষ্য
পলকের ফোনে ইন্টারনেট বন্ধের নির্দেশনা

জুলাই আন্দোলনের সময় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধের সরাসরি নির্দেশনা দিয়েছিলেন বলে জানিয়েছেন বিটিআরসির উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের আহমেদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এই মামলার পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দিতে তিনি এ তথ্য জানান। এই মামলায় অন্য আসামিরা হলেন-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং পলক। জয় বর্তমানে পলাতক, আর পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
সাক্ষ্যে আব্দুল কাদের বলেন, আন্দোলন চলাকালে ১৮ জুলাই রাত প্রায় ৯টার দিকে পলক তাকে ফোন করে প্রশ্ন করেন, কেন তিনি ইন্টারনেট বন্ধ সংক্রান্ত বিটিআরসির নির্দেশনা বাস্তবায়ন করছেন না। একই সঙ্গে সাবমেরিন কেবল পর্যায়ে ইন্টারনেট বন্ধ করতে কত সময় লাগবে, তাও জানতে চান তিনি।
জবাবে আব্দুল কাদের জানান, এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১৫ মিনিট সময় লাগবে। তখন পলক তাকে দ্রুত ইন্টারনেট বন্ধ করে বিষয়টি নিশ্চিত করতে বলেন।
এরপর তিনি অধীনস্থ জেনারেল ম্যানেজার (অপারেশনস)দের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় থাকা দুটি সাবমেরিন কেবল শাটডাউনের জন্য সরকারি নির্দেশনা দেন। নির্দেশনার পর প্রায় ১৫ মিনিটের মধ্যেই কেবল দুটি বন্ধ করা হয়।
সাক্ষ্য দেওয়ার সময় ট্রাইব্যুনালে কাঠগড়ায় বসে পলককে মনোযোগসহকারে বক্তব্য শুনতে দেখা যায়।
ভিওডি বাংলা/আরকেএইচ/এসআর







