• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমন্ত্রণ না পেয়ে স্কুলে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি    ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জেলার শ্রীপুরে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় জড়িত প্রমাণ হওয়ায় সেখানকার বিএনপির ৬ জন নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার ও সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলামকে আজীবন বহিষ্কার করা হলো।’

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি বলেন, রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন হয়। দাওয়াত না পেয়ে ওই অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয় এবং স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরদিন সোমবার (২০ এপ্রিল) গাজীপুর ইউনিয়ন বিএনপি জরুরি সভা আহ্বান করে। সভায় ওই ৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়—যা প্রস্তাবিত সুপারিশ আকারে উপজেলা বিএনপির দপ্তরে পাঠানো হয়। পরে উপজেলা বিএনপি তাদের আজীবন বহিষ্কার করে।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক।

গত রোববার (১৯ এপ্রিল) সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই গাজীপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সারোয়ার আউয়ালসহ কয়েকজন নেতা লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে এসে বিদায় অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয়নি—তা জানতে চান। বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। শিক্ষার্থীদের সামনেই শিক্ষকদের লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। বিএনপি নেতারা বিদ্যালয়ের অফিস কক্ষ ও প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে চলে যান।

এ ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। ঘণ্টাখানেক পর বিএনপি নেতারা বিদ্যালয়ে এসে তালা খুলে দেন।

ভিওডি বাংলা/আরআর/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনব চোর চক্রের উপদ্রবে, অন্ধকারে অর্ধশতাধিক পরিবার
অভিনব চোর চক্রের উপদ্রবে, অন্ধকারে অর্ধশতাধিক পরিবার
ডিজেল সংকটে কক্সবাজারে বোরো চাষ হুমকিতে, বন্ধ সেচপাম্প
ডিজেল সংকটে কক্সবাজারে বোরো চাষ হুমকিতে, বন্ধ সেচপাম্প
নিয়ামতপুরে একই পরিবারের ৪ হত্যার ঘটনায় থানায় মামলা
নিয়ামতপুরে একই পরিবারের ৪ হত্যার ঘটনায় থানায় মামলা