• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির নারী আসন চূড়ান্ত, রাতেই ঘোষণা হচ্ছে নাম

আন-নূর রাশাদ    ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনয়ন পাচ্ছেন, তাদের চূড়ান্ত তালিকা আজ রোববার (১৯ এপ্রিল) রাতেই ঘোষণা করা হচ্ছে বলে দলটির একাধিক শীর্ষ নেতার সূত্রে জানা গেছে। তারা বলছেন, ইতোমধ্যেই দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ বোর্ডেও উপস্থিত ছিলেন।

মোটা দাগে, চূড়ান্ত হয়ে গেছে নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা। সবশেষ যাচাই-বাছাইও শেষ। এখন শুধু ঘোষণার অপেক্ষা। আজ রাতের মধ্যেই সম্পন্ন হচ্ছে বলে আশা করছেন দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা।

চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। মোট ৩৬ জনকে এ পদের জন্য মনোনীত করবে বিএনপি।

মনোনয়ন প্রত্যাশী একাধিক নারী নেত্রী জানান, সাক্ষাৎকার বোর্ডে ৫ জন করে একসঙ্গে ডাকা হয়। সাক্ষাৎকার বোর্ডে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

কয়েকজন মনোনয়ন প্রত্যাশী জানান, মনোনয়ন বোর্ডে তারা দলীয় পরিচয় শেষ করে যখন জুলাই আন্দোলনে গ্রেপ্তারের কথা বলতে যাচ্ছিলেন, তখনই তাদের সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা থামিয়ে দেন। মাত্র ১৫ সেকেন্ড কথা বলতে পেরেছেন তারা। সাক্ষাৎপ্রার্থীরা ১০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যেই শেষ করেন তাদের বক্তব্য। এর মধ্যেই চলে তারেক রহমানের প্রশ্ন—মনোনয়ন পেলে কী করবেন? এই স্বল্প সময়ের মধ্যেই নিজের যোগ্যতা, ত্যাগ, ভবিষ্যৎ লক্ষ্য এবং তারেক রহমানের প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাদের। এর ভেতরে মির্জা ফখরুল এবং সালাহউদ্দিন আহমেদের প্রশ্ন ও কথাবার্তাও ছিল।

এ বিষয়ে দলটির একজন স্থায়ী কমিটির সদস্য ভিওডি বাংলাকে বলেন, যারা মনোনয়ন প্রত্যাশী তারা শীর্ষ নেতৃবৃন্দের পরিচিত। দলের কর্মকাণ্ডে তারা আগে থেকেই নেতাদের নজরে রয়েছেন, একসঙ্গে রাজপথে সভা-সমাবেশ, বিক্ষোভসহ নানান আন্দোলন কর্মসূচি পালন করেছেন, একসঙ্গে কারাবরণও করেছেন। সে কারণে এই সাক্ষাৎকার প্রক্রিয়া একটি আনুষ্ঠানিকতা মাত্র বা দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার একটি প্রতীক বা ফরমালিটি মাত্র।

এর আগে অবশ্য নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, তা রোববার বা সোমবারের মধ্যে চূড়ান্ত হবে।
এর আগে গত দুদিনব্যাপী গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড।

এদিকে ভিওডি বাংলা কথা বলেছে সাক্ষাৎকার সম্পন্ন হওয়া একাধিক নারী নেত্রীর সঙ্গে। দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানান তারা। মনোনয়ন পেলে অন্য নারী নেত্রীদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে সরকারকে নানাভাবে সহযোগিতা করবেন বলেও জানান মনোনয়ন প্রত্যাশীরা।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকের কাছে মনোনয়ন পেলে কী করবেন, আবার না পেলে কী করবেন—এমন প্রশ্ন করেন। তবে বেশিরভাগ নেত্রীই বিষয়টি তারেক রহমানের ওপর ছেড়ে দেন। এসব বৈঠকে উচ্চশিক্ষিত ও ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস দেয় পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড।

গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হয় ২২ ও ২৩ এপ্রিল। আপিলের তারিখ ছিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তির জন্য নির্ধারিত ছিল ২৭ ও ২৮ এপ্রিল।

ইসি বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

যে হিসাব অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টন হয়েছে—তা হচ্ছে, ৬ জন সংসদ সদস্যের বিপরীতে একজন সংরক্ষিত নারী এমপি। সে হিসাবে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে ১টি—সর্বমোট ৫০ জন নির্বাচিত হবেন সংরক্ষিত মহিলা আসনে।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
গভীর রাত পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান
সংরক্ষিত নারী আসন গভীর রাত পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন তারেক রহমান
চিফ হুইপকে ব্ল্যাকমেলের অভিযোগে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার, এনসিপির প্রতিক্রিয়া
চিফ হুইপকে ব্ল্যাকমেলের অভিযোগে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার, এনসিপির প্রতিক্রিয়া