চাঁদা দাবি
গুলশানে গ্রেফতার ইউসুফের ২ দিনের রিমান্ড

রাজধানীর গুলশান এলাকায় বাড়িতে ঢুকে ২০ হাজার টাকা চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া মো. ইউসুফকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এরআগে গুলশান থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আরমান আলী ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (১৯ এপ্রিল) ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে আদেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
মামলার এজাহার অনুযায়ী, গুলশান-১ এলাকার একটি বাড়িতে বাউন্ডারি নির্মাণকাজ চলাকালে ইউসুফসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সেখানে জোরপূর্বক প্রবেশ করে। তারা কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে এবং বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
অভিযোগে বলা হয়, চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে-এমন হুমকি দেওয়ার পাশাপাশি শ্রমিকদের প্রাণনাশের ভয় দেখানো হয়। এমনকি বাদী ও তার নিয়োগকর্তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
শামসুদ্দোহা সুমন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চাঁদাবাজি চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
ভিওডি বাংলা/এসআর







