• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

নিজস্ব প্রতিবেদক    ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ এ.এম.
সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: ছবি-ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (১৯ এপ্রিল) পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর এক কর্মকর্তা জবানবন্দি দেবেন। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।

এদিন একই সঙ্গে মামলার চতুর্থ সাক্ষী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর এক কর্মকর্তার জেরা সম্পন্ন করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে তিনি ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন জুনাইদ আহমেদ পলক। পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

একই সময়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে মারণাস্ত্র ব্যবহারে উসকানি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহত হন। মামলার একটি অভিযোগে বলা হয়েছে, রাজধানীর উত্তরায় সংঘটিত পৃথক ঘটনায় আরও ৩৪ জনকে হত্যায় আসামিরা সহায়তা করেছেন।

বর্তমানে এ মামলায় জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে আইনি কার্যক্রম পরিচালনা করছেন। 

প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। এরপর ধারাবাহিকভাবে সাক্ষ্যগ্রহণ চলছে এবং মামলাটি বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা
হাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
টিউলিপের বিচার শুরুর শুনানি ৬ মে
ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিচার শুরুর শুনানি ৬ মে