• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফটো সাংবাদিকদের অবদান রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি কাদের গণি চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক    ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পি.এম.
কথা বলছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী ফটো সাংবাদিকদের অবদান রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন গণআন্দোলন ও জাতীয় সংকটের সময়ে ফটো সাংবাদিকরা জীবন বাজি রেখে সত্য তুলে ধরেছেন, কিন্তু তাদের অবদান অনেক ক্ষেত্রেই যথাযথভাবে স্বীকৃতি পায়নি। 

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের (বিপিজেএ) মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গণি চৌধুরী বলেন, আলোকচিত্র সময়ের দর্পণ এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। একটি ছবি অনেক সময় লক্ষ শব্দের চেয়েও শক্তিশালীভাবে সত্য প্রকাশ করতে পারে। আলোকচিত্রের একটি সর্বজনীন ভাষা রয়েছে, যা পৃথিবীর যেকোনো দেশের মানুষ সহজেই বুঝতে পারে।

তিনি বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ফটোসাংবাদিকদের তোলা ছবি বিশ্ববাসীর সামনে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছে এবং মানুষের বিবেক জাগ্রত করেছে।

ফটোসাংবাদিকদের ঝুঁকিপূর্ণ দায়িত্বের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ঘটনাস্থলের একেবারে সামনে থেকে কাজ করতে হয় বলে ফটোসাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। অনেকেই আহত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি দেশত্যাগ করতেও বাধ্য হয়েছেন। তবুও তারা সত্য প্রকাশের দায়িত্ব পালন করে গেছেন। 

তিনি আরও বলেন, অনেক দক্ষ ও অভিজ্ঞ ফটোসাংবাদিক বর্তমানে বেকার অবস্থায় রয়েছেন। তাদের তালিকা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল ফটোসাংবাদিকদের সহযোগিতা বাড়ানোরও দাবি জানান।

এসময় ফটোসাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ ও অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিপিজেএ সভাপতি একে এম মহসীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সেক্রেটারি বাবুল তালুকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণী চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক কল্যান ট্রাস্টের এমডি বাসিত জামাল, তথ্য মন্ত্রনায়লয়ের প্রধান তথ্য কর্মকতা ইয়াকুব আলী, বিএফইউজের সহসভাপতি রাশেদুল হক, বিপিজেএ সহসভাপতি মশিউর রহমান সুমন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজীব, প্রচার সম্পাদক মোঃ সৌরভ, ক্রীড়া সম্পাদক খোকন শিকদার।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
CHDNEWS24 এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ভিওডি বাংলার শুভেচ্ছা
CHDNEWS24 এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ভিওডি বাংলার শুভেচ্ছা
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল