• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুচ্ছ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ:

পাসের হার ৩০ শতাংশ, উত্তীর্ণ ৩৮ হাজার শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি    ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এ.এম.
গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে ফল যাচাই করছেন ছবি-ভিওডি বাংলা

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী এবার পাসের হার দাঁড়িয়েছে ৩০ শতাংশ।

বুধবার (১৫ এপ্রিল) সকালে গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার ‘এ’ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৭৫ দশমিক ৩৫ শতাংশ। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্য থেকে ন্যূনতম পাস নম্বর অর্জন করে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন, যা মোট অংশগ্রহণকারীর প্রায় ৩০ শতাংশ।

অন্যদিকে, ৩০ নম্বরের নিচে স্কোর করে অকৃতকার্য হয়েছেন ৮৭ হাজার ৭৪০ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৬৯ দশমিক ৫০ শতাংশ। এছাড়া পরীক্ষার নিয়ম ভঙ্গ, রোল নম্বর ত্রুটি, সেট কোড সমস্যা ও শনাক্তকরণ জটিলতার কারণে ১১০ জন শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী, এবারের ‘এ’ ইউনিটে ন্যূনতম পাস নম্বর ছিল ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়েছে, যা ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে গুচ্ছ ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে তাদের ফল জানতে পারছেন। প্রক্রিয়াটি অনুসরণ করতে প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। এরপর ড্যাশবোর্ডে থাকা ‘ফলাফল’ অপশন নির্বাচন করলেই ব্যক্তিগত ফল দেখা যায়। চাইলে ফলাফল শিট ডাউনলোড বা প্রিন্ট করার সুযোগও রয়েছে। পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় হাজারো শিক্ষার্থী অংশ নেন।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ফ্রন্টিয়ার টেকনোলজি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ
ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে : শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে : শিক্ষামন্ত্রী