• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সন্ধ্যায় প্রথম-দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বসবেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক    ১১ এপ্রিল ২০২৬, ১০:৫০ এ.এম.
মিরপুরে বিসিবি কার্যালয়ে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন সভাপতি তামিম ইকবাল: ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেট কাঠামো পুনর্গঠনে জোর দিচ্ছে। দীর্ঘদিন ধরে স্থবির থাকা বিভিন্ন লিগ চালু করতে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এরই ধারাবাহিকতায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের ক্লাবগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে বিসিবি।

এর আগে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন তামিম। সেখানে দলবদল ও লিগ শুরুর সম্ভাব্য সময় নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। চলতি মাসেই ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর আগামী মাসের প্রথম সপ্তাহে লিগ শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

তবে প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে। আগের পরিচালনা পর্ষদের সময় ঢাকার উল্লেখযোগ্য সংখ্যক ক্লাব এসব প্রতিযোগিতায় অংশ নেয়নি। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সেই বোর্ডের অধীনে আয়োজিত লিগগুলো ছিল অনেকটাই অসম্পূর্ণ। প্রায় ৪৬টি ক্লাব অংশ না নেওয়ায় টুর্নামেন্টগুলো প্রতিযোগিতামূলক রূপ পায়নি এবং শেষ পর্যন্ত সেগুলো সম্পন্ন করাও সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে নতুন করে সব ক্লাবকে অন্তর্ভুক্ত করে লিগ আয়োজনের দাবি উঠেছে। আজকের বৈঠকে ক্লাব প্রতিনিধিরা প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ পুনরায় শুরু করার প্রস্তাব দিতে পারেন বলে জানা গেছে। বিসিবিও ইতিবাচক অবস্থানে রয়েছে, কারণ সব ক্লাবকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করলে ঘরোয়া ক্রিকেটের মান ও প্রতিদ্বন্দ্বিতা দুটোই বাড়বে।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই বৈঠক। এতে লিগের নতুন সূচি, অংশগ্রহণকারী ক্লাব, ফরম্যাট ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামজাদের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বাফুফে
হামজাদের প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বাফুফে
‘ক্রিকেট বোর্ড এখন সবচেয়ে বড় সার্কাস’: আফতাব আহমেদ
‘ক্রিকেট বোর্ড এখন সবচেয়ে বড় সার্কাস’: আফতাব আহমেদ
প্রথম লেগে বায়ার্নের জয়, চাপে রিয়াল
প্রথম লেগে বায়ার্নের জয়, চাপে রিয়াল