• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি    ৯ এপ্রিল ২০২৬, ১২:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মানবাধিকার সুরক্ষা ও গুম প্রতিরোধে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশের প্রতিবাদে রাজশাহীতে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর অলোকার মোড় চেম্বার ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, গুমের মতো মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে প্রণীত আইন বাতিলের উদ্যোগ দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরও ঝুঁকির মুখে ফেলবে।

মানববন্ধনে আরও বলা হয়, জাতীয় সংসদের বিশেষ কমিটি সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ও সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ এবং জাতীয় সংসদ সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, গুম প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করা হয়েছে। ফলে আগামী ১০ এপ্রিলের পর এসব অধ্যাদেশ কার্যকারিতা হারানোর আশঙ্কা রয়েছে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গণভোটে ৬৮ শতাংশ মানুষের সমর্থন থাকা সত্ত্বেও জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। অতীতের ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণগ্রেফতার ও নির্যাতনের ঘটনা ঘটেছিল এবং জাতীয় মানবাধিকার কমিশন সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল।

তারা আরও বলেন, দুর্নীতি দমন কমিশনকেও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হয়েছিল এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা জরুরি ছিল। কিন্তু তা বাতিলের মাধ্যমে পুরোনো কাঠামোয় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে গুমের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। বক্তারা জানান, গুমের শিকার অনেকেই এখনও ফিরে আসেননি এবং তাদের পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। অথচ যাদের দলীয় নেতাকর্মীরাও গুমের শিকার হয়েছেন, সেই দলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকেই গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের সুপারিশ এসেছে, যা অত্যন্ত দুঃখজনক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘অধিকার’-এর রাজশাহী সমন্বয়ক সাংবাদিক মঈন উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মানবাধিকার কর্মী আসাদুজ্জামান আসাদ, রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন ফিরোজ, সামাজিক ও পরিবেশ কর্মী আহসান হাবিব, সাংবাদিক এম শামিম, সাংবাদিক হুজাইফাসহ রাজশাহী জেলা ও নগরীর অধিকার কর্মীরা। এ সময় ‘অধিকার’-এর বিবৃতি পাঠ করেন গুম থেকে ফিরে আসা ভুক্তভোগী আল আমিন হোসেন।

বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি জোরালো আহ্বান জানান, অবিলম্বে এসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জাতীয় সংসদে পাস করা হোক। তাদের মতে, মানবাধিকার ও সুশাসন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

ভিওডি বাংলা/রমজান আলী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্বশীল প্রশাসকে উন্নত ভাঙ্গুড়া উপজেলা
দায়িত্বশীল প্রশাসকে উন্নত ভাঙ্গুড়া উপজেলা
লোহাগড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
লোহাগড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চন্ডিপুরে নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
চন্ডিপুরে নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ