সিলেটে ৩ ঘণ্টা বন্ধের পর ট্রেন চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের ভানুগাছ ও শমশেরনগর রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় ইঞ্জিন বিকলের কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের আলীনগর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে করে লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
শমশেরনগর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাগর সিংহ জানান, সিলেট থেকে বিকল্প একটি ইঞ্জিন আনা হলে সেটির সহায়তায় আটকে পড়া ট্রেনটি শমশেরনগর স্টেশনে নিয়ে আসা হয়। পরে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের যাত্রী এম এ আহাদ বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ ট্রেনটি থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ইঞ্জিনের চাকা জ্যাম হয়ে রেলের সঙ্গে ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, দ্রুত বিকল্প ইঞ্জিন সংযুক্ত করায় বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। সিলেট থেকে আসা ৩০১০ সিরিজের ইঞ্জিন ট্রেনটিকে সরিয়ে নেওয়ার পর রেলপথে চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ভিওডি বাংলা/জা







