সাত কলেজ
জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
উপস্থিত রয়েছেন-শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস. এম. এ. ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ঢাকার বড় সাতটি কলেজে শিক্ষার্থী ভর্তি না করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে, এটি তাঁর সঙ্গে আলোচনা করে দেয়নি। এ বছর থেকেই ভর্তি করা হবে না, এটার জন্য তাঁরা প্রস্তুত ছিলেন না।
মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন।
সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগের দিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে। আর চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষার্থী ভর্তি করা হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ঘোষণায় এখন সাত কলেজে এ বছর শিক্ষার্থী ভর্তি নিয়ে জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন এই সাত কলেজে শিক্ষার্থী ভর্তি হবে কোন প্রতিষ্ঠানের অধীন, সেই প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে, এটা আমার সঙ্গে আলোচনা করে তো আর ঘোষণা দেয়নি। আমার নিজের পরামর্শ ছিল, যখন এ ঘটনাগুলো ঘটছিল, তখন কয়েকবার ফোনে কথা হয়েছিল, আমি আরেকটি মিটিং থেকে বেরিয়ে গিয়ে শুধু বলেছিলাম, ওই কলেজগুলোর শিক্ষার্থীরা তাঁদের ভর্তির বিষয়ে, পরীক্ষার বিষয়ে যতগুলো অসুবিধা আছে, যতদূর সম্ভব, যেগুলো যেন নিরসন করা হয়। কিন্তু এ বছর থেকেই আর ভর্তি করা হবে না, এটির জন্য আমি প্রস্তুত ছিলাম না।’
ভিওডি বাংলা/ এমএইচ







