আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন করবে সিটি কর্পোরেশন: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ছুটির দিনেও নগরবাসীকে জরুরি সেবা দিতে গিয়ে আহত হওয়া বৈদ্যুতিক কর্মীর চিকিৎসার সব ব্যয় সিটি কর্পোরেশন বহন করবে।
রোববার (২২ মার্চ) বিকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন ডিএসসিসির বৈদ্যুতিক কর্মী সালাউদ্দিন আহমেদকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

জানা যায়, ঈদের আগের দিন (২০ মার্চ) ৩৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে তিনি মাথা ও হাতে গুরুতর আঘাত পান।
পরিদর্শনকালে প্রশাসক আহত কর্মীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা করা হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত।”

কর্মীদের পেশাগত নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক আরও বলেন, “ঝুঁকিপূর্ণ কাজে হেলমেট, দস্তানাসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। সরঞ্জাম ব্যবহারে কোনো ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।”
তিনি আরও জানান, বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ঝড়-তুফানে গাছের ডাল ভেঙে যাতে দুর্ঘটনা না ঘটে, সে জন্য ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণ করা হচ্ছে।

এ সময় আহত কর্মীর সহকর্মীরা প্রশাসকের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পেশাগত সমস্যার সমাধানে সহযোগিতা কামনা করেন। প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, “পরিচ্ছন্ন ও আলোকিত নগর গড়তে কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে।”
পরিদর্শন শেষে তিনি আহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আ







