• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি ফিরিয়ে আনতে হবে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পি.এম.
বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি ফিরিয়ে আনাতে হবে এবং শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২২ মার্চ) রাজধানীর সুরিটোলায় ঢাকা মহানগর সমিতির উদ্যোগে ঈদ আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের ঢাকার ঐতিহ্য, ঢাকার কৃষ্টি, ঢাকার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। আমার নেতা সাদেক হোসেন খোকার পথ ধরে আজকে ইশরাক হোসেনের নেতৃত্বে, আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমি যদি মেয়র হতে পারি, তাহলে আপনারা যে দাবি করেছেন, সব পূরণ করা হবে।

তিনি আরও বলেন, পুরানো ঢাকা একসময় সুন্দর নগরী ছিল—মসজিদের নগরী ও রিকশার শহর। “কিন্তু আজ সেই রিকশা নেই, শহর পাল্টে গেছে। একসময় ঢাকার বাগানগুলো ছিল, এখন নেই। আমাদের সেই ঢাকাকে আবার রূপান্তরিত করতে হবে। আমরা চাই, পুরনো ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করা হোক।”

ডিএসিসি প্রশাসক উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঢাকার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ ঘোষণা করেছেন। রাস্তা-ঘাট, ফ্লাইওভার নির্মাণ এবং নগরীর জীবনমান উন্নয়নের পাশাপাশি নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। 

তিনি বলেন, “যদি আমরা নিজের বাড়ি পরিষ্কার রাখি, আঙিনা পরিষ্কার রাখি এবং যেখানে সুযোগ পাই, গাছ লাগাই, তাহলে ঢাকার সেই বাগানের ঢাকা ফিরে আসবে।”

প্রশাসক বলেন, ডিএসসিসি এককভাবে শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবে না। নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। “যেখানে-সেখানে ময়লা ফেলবো না। নির্ধারিত জায়গায় ময়লা ফেলতে হবে।”

তিনি আরও বলেন, ঢাকা শহরকে মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। “চাঁদাবাজি চলবে না, জনগণের ওপর কোনো অত্যাচার বা অযাচিত ট্যাক্স আরোপ করা হবে না। আমাদের কর্মীদের যারা বিগত ১৭ বছর কষ্ট করেছেন, তাদের পুনর্বাসন ও কাজের ব্যবস্থা করা হবে।”

ডিএসিসি প্রশাসক আগামী চার-পাঁচ বছরে মানুষের অভাব-বেদনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ঢাকা সমিতিকে আরও কর্মসূচি নিতে হবে, পঞ্চায়েত ব্যবস্থা সক্রিয় করতে হবে। সরদার-মাতবরদের মাধ্যমে এলাকায় বিচার-ব্যবস্থা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং যুবকদের মাদক থেকে রক্ষা করতে হবে।

ভবিষ্যতে শহরে বিভিন্ন উৎসব ও প্রতিযোগিতা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে—যেমন ঘুড়ি উৎসব, পয়লা বৈশাখ, ক্রীড়া ও সাইকেল প্রতিযোগিতা, খেলাধুলা, বডিবিল্ডিং এবং ‘মিস্টার ঢাকা’, ‘মিস্টার বাংলাদেশ’ প্রতিযোগিতা।

প্রশাসক বলেন, “ঢাকার সংস্কৃতি, কৃষ্টি, সাহিত্য ও ভাষা আমাদের ঐতিহ্য। এগুলো সংরক্ষণ করতে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি বদলাই, ঢাকা শহরও বদলাবে।”

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ স্লোগান বাস্তবায়ন করে ঢাকা শহরকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, ঢাকা ৭ আসনের এমপি হামিদুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাঁকা ঢাকা পাহারায় ১৫ হাজার পুলিশ
ফাঁকা ঢাকা পাহারায় ১৫ হাজার পুলিশ
ঢাকার বাতাসে কমেছে বায়ুদূষণ
ঢাকার বাতাসে কমেছে বায়ুদূষণ
এক ভারতীয়সহ ২ কারাবন্দীর মৃত্যু
এক ভারতীয়সহ ২ কারাবন্দীর মৃত্যু