দেশ ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের আহ্বান প্রশাসকের

ডিএসসিসি প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, দেশ ও গণতন্ত্র রক্ষা করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
রোববার (২২ মার্চ) জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশকে বিপর্যয় থেকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। দেশের এই দুই নেতার কবরের সামনে দাঁড়িয়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করছি।
আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি ও জিয়া পরিষদ গঠন করেছিলেন-বাংলাদেশের রাজনীতিতে এটি সবসময় মনে রাখতে হবে। দেশ ও গণতন্ত্র রক্ষা করতে হলে শহীদ জিয়ার ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। শহীদ জিয়ার স্বপ্ন ছিল এই দেশকে স্বাধীন করা। তিনি ঘোষণা দিয়ে স্বাধীন করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল আধিপত্যবাদমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করা, সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, জিয়া পরিষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধাররা যুক্ত আছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। তাই জিয়া পরিষদ মেধাবীদের একটি সংগঠন। মেধার কোনো বিকল্প নেই।
ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশকে শেষ করে দেওয়া হয়েছে। এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে মেধাবী লোকজনদের দাঁড়াতে হবে। আমরা বিশ্বাস করি, জিয়া পরিষদ মেধাবীদের একটি সংগঠন। আপনারা সেইভাবে কাজ করে যাবেন।
তিনি বলেন, দীর্ঘদিন এই দেশের জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জিয়া পরিষদ অবিরাম কাজ করে যাবে। আজকের এই দিনে উপস্থিত সবার প্রতি এটাই হোক প্রতিজ্ঞা।
ভিওডি বাংলা/জা







