• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবদুস সালাম:

ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-৪ আসনের ফল পরিবর্তন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ পি.এম.
শ্যামপুরে ঢাকা-৪ নির্বাচনী এলাকার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

ঢাকা শহরের কিছু নির্বাচনী আসনে ষড়যন্ত্রের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের ঢাকা-৪ আসনও রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।  

তিনি বলেন, নির্বাচনের ফল যাই হোক না কেন, এলাকার উন্নয়ন কার্যক্রমে স্থানীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকা থাকা জরুরি।

রোববার (১৫ মার্চ) রাজধানীর শ্যামপুরে ঢাকা-৪ নির্বাচনী এলাকার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজ-সরকারি প্রকল্প, সিটি কর্পোরেশনের কার্যক্রম কিংবা অবকাঠামোগত উন্নয়ন-সবকিছুতেই স্থানীয় নেতৃত্ব ও জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে। এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়নে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। জিয়া স্মরণী খাল সংস্কার, নতুন খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার সামগ্রিক চেহারা বদলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জিয়া স্মরণী খাল সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ খালকে কেন্দ্র করে একটি বড় উন্নয়ন কর্মসূচি গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করা গেলে পুরো এলাকার পরিবেশ ও সৌন্দর্য উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

ডিএসসিসি প্রশাসক জানান, নগরবাসীর বিনোদন ও সামাজিক কার্যক্রমের সুবিধার্থে দুইটি ওয়ার্ড মিলে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ জন্য সরকারি জমি চিহ্নিত করা গেলে সরকার প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করবে। পাশাপাশি কমিউনিটি সেন্টার, লাইব্রেরি ও স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।

তিনি বলেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয়ভাবে তদারকি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কবরস্থানে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, কোনো কবরের জন্য ৫০০ টাকার বেশি ফি নেওয়া যাবে না। কোথাও এর বেশি আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে যৌথ উদ্যোগে কাজ করার কথাও জানান তিনি। একই সঙ্গে অনুমতি ছাড়া রাস্তা কেটে বিভিন্ন ইউটিলিটি লাইন বসানোর প্রবণতা বন্ধ করতে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

সভায় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে আবদুস সালাম বলেন, উন্নয়ন কার্যক্রম সফল করতে সবাইকে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কাজ করতে হবে। নাগরিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া ঢাকার মতো বড় শহরের সমস্যা সমাধান করা সম্ভব নয়।

এ সময় সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী : পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী