পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশের জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং সেবা পেতে পারে, সে জন্য পরিবহন সেক্টরসহ সব পর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জরুরি।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, হয়রানী ও চাঁদামুক্ত করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাবতলী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ আনিসুর রহমান, মালিক সমিতির সভাপতি এম এ বাতেন ও মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।
শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাতে নানা ধরনের অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। এসব কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। তিনি বলেন, “জনগণের স্বার্থ রক্ষায় পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সকল ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করতে হবে।”
তিনি আরও বলেন, শুধু পরিবহন খাত নয়, প্রশাসনিক ও সেবামূলক বিভিন্ন ক্ষেত্রেও শৃঙ্খলার অভাব দেখা যাচ্ছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিমুল বিশ্বাস বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের স্বস্তির জন্য একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সব ধরনের বিশৃঙ্খলা দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং দেশের সামগ্রিক সেবাব্যবস্থা আরও কার্যকর হবে।
তিনি জানান, বাস টার্মিনালে মলমপাটি, ছিনতাই প্রতিরোধ, নারী যাত্রীদের নিরাপত্তা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ করার জন্য সার্বক্ষণিক ভিজিলেন্স টিম হিসেবে কাজ করছে।
ভিওডি বাংলা/এমএস







