ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’, সেন্সর বোর্ডে জমা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢালিউড তারকা শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ -র মুক্তি প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। শুটিং ও পোস্ট-প্রোডাকশনের ব্যস্ততার মধ্যেই সিনেমাটি সম্প্রতি জমা দেওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে-এ। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ছবিটি সেন্সর ছাড়পত্র পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গত কয়েক বছর ধরেই ঈদের সময় শাকিব খানের সিনেমা নিয়ে শেষ মুহূর্তে ব্যস্ততা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের আর অল্প সময় বাকি থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন ছিল, ছবিটির শুটিং এখনও শেষ হয়নি। এতে অনেক দর্শকই শঙ্কা প্রকাশ করেন-সিনেমাটি নির্ধারিত সময়ে মুক্তি পাবে কি না।
তবে সেই শঙ্কা দূর করেছেন ছবিটির প্রযোজক শিরিন সুলতানা। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, সিনেমাটি ইতোমধ্যে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যেই ছাড়পত্র মিলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এরই মধ্যে গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে ছবিটির টিজার। প্রায় ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই ঝলককে নির্মাতারা ‘প্রি-ব্লাস্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন। টিজারে শাকিব খানকে দেখা গেছে এক ভয়ংকর গ্যাংস্টারের চরিত্রে। লম্বা বাদামি চুল, ঘন দাড়ি এবং অ্যাকশনধর্মী উপস্থিতিতে তাকে দুই হাতে বন্দুক চালিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করতে দেখা যায়। টিজারের শেষে তার মুখে শোনা যায় একটি তীক্ষ্ণ সংলাপ-
“আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।”
টিজারে শাকিব খানের দু’টি ভিন্ন লুক দর্শকদের নজর কাড়ার পাশাপাশি দেখা গেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। এছাড়া ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে প্রমুখ। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ভিওডি বাংলা/জা







