কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে পরিচিত কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৈকতকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও আকর্ষণীয় করে তুলতে সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা জরুরি।
তিনি আরও জানান, ভারতে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, দেশে কোনোভাবেই মব কালচার বা গণপিটুনির সংস্কৃতি চলতে দেওয়া হবে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কঠোরভাবে দমন করা হবে।
আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এনএম সাজেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে রোববার বিকালে দুই দিনের সফরে নিজ জন্মভূমি কক্সবাজারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল তার প্রথম কক্সবাজার সফর। আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
ভিওডি বাংলা/আরিফুল কবির/আ







