মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, “সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনের ছাদ থেকে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৫-৬ জনকে ছাদে আছেন। তাদের ফায়ার সার্ভিসের টিটিএলের মাধ্যমে উদ্ধার করে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।”
তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/এমএস







