• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইতিহাস গড়ে ভারতের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ১০:১২ এ.এম.
নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জয় ভারতের। ছবি: সংগৃহীত

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আক্ষেপ এবার ঘুচাল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারানোর স্মৃতি মুছে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে স্বাগতিকরা। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে প্রথমবার ঘরের মাঠে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে সূর্যকুমার যাদবের দল।

এই জয়ে নতুন ইতিহাসও গড়েছে ভারত। তারা প্রথম দল হিসেবে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল। একই সঙ্গে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের কৃতিত্বও অর্জন করেছে।

২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লড়াইয়ের ধারেকাছেও যেতে পারেনি নিউজিল্যান্ড। একপেশে ম্যাচে ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা।

যাকে ঘিরে নিউজিল্যান্ডের আশা ছিল, সেই ফিন অ্যালেন তৃতীয় ওভারেই অক্ষর প্যাটেলের বলে আউট হয়ে ফেরেন। পাওয়ার প্লেতেই ৫২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়েন ওপেনার টিম সেইফার্ট ও অধিনায়ক মিচেল স্যান্টনার। সেইফার্ট ২৬ বলে ৫২ রান করেন, যেখানে ছিল দুটি চার ও পাঁচটি ছক্কা। স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন, তার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছয়। তবে অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি।

ভারতের হয়ে বল হাতে দারুণ ছিলেন জসপ্রীত বুমরাহ। তিনি ১৫ রান দিয়ে চার উইকেট নেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেন। অক্ষর প্যাটেল তিনটি উইকেট নেন ২৭ রানে। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী ও অভিষেক শর্মা। টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় হয়েছেন সাঞ্জু স্যামসন, যিনি মোট ৩২১ রান করেছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তারা করে ২৫৫ রান, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ স্কোর। আহমেদাবাদের এই মাঠেও এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশান। ওপেনিং জুটিতে পাওয়ার প্লেতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। তিনি মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন। প্রথম ৬ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় উইকেটহীন ৯২ রান।

অভিষেক ২১ বলে ৫২ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। এরপর ইশান কিশান ২৫ বলে ৫৪ রান করেন, যেখানে ছিল চারটি চার ও চারটি ছক্কা। অন্যদিকে সাঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ রান করেন, তার ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছয়।

শেষ দিকে শিবম দুবের ঝড়ো ব্যাটিং ভারতের স্কোর আড়াইশ ছাড়াতে বড় ভূমিকা রাখে। তিনি মাত্র ৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম ৪৬ রান দিয়ে তিন উইকেট নেন। একটি করে উইকেট পান ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ঈশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।

নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭; বুমরা ৪/১৫, অক্ষর ৩/২৭, পান্ডিয়া ১/৩৬)।

ফল: ভারত ৯৬ রানে জয়ী। ম্যাচসেরা: যশপ্রীত বুমরা। সিরিজ সেরা: সঞ্জু স্যামসন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮৯৯তম গোল মেসির, ইতিহাসের দ্বারপ্রান্তে
৮৯৯তম গোল মেসির, ইতিহাসের দ্বারপ্রান্তে
অ্যাথলেটিককে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
অ্যাথলেটিককে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
আফগানিস্তান–শ্রীলঙ্কা সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত
আফগানিস্তান–শ্রীলঙ্কা সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত