রাজশাহীতে তেলের জন্য হাহাকার

রাজশাহী বিভাগে পেট্রল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগ করছেন চালকেরা। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধও হয়ে গেছে। যেসব স্টেশনে তেল রয়েছে, সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। গত তিন দিন ধরে এসব স্টেশনে পেট্রল ও অকটেন সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে হঠাৎ করেই তেল সংকট প্রকট আকার ধারণ করেছে। তেলের সংকটের বিষয়টি বৃহস্পতিবার সকাল থেকেই রাজশাহী নগরে স্পষ্ট হয়ে ওঠে। ওই দিন নগরের বেশিরভাগ ফিলিং স্টেশন বাইকারদের চাহিদামতো তেল দেওয়া বন্ধ করে দেয়। কোনো কোনো স্টেশনে সর্বোচ্চ ২০০ টাকা এবং কোথাও ৫০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি। শুক্রবারও একই চিত্র দেখা গেছে। সকাল থেকেই নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে বাইকারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। তেল পাওয়ার আশায় অনেককেই একাধিক পাম্পে ঘুরতে দেখা গেছে।
রাজশাহীর নগরীর ভাটাপাড়ার বাসিন্দা বখতিয়ার শাহরিয়ার জানান, বৃহস্পতিবার রাতে তিনি তিনটি ফিলিং স্টেশন ঘুরে মাত্র এক হাজার টাকার পেট্রল নিতে পেরেছেন। এর মধ্যে একটি স্টেশন থেকে ৫০০ টাকার এবং আরেকটি স্টেশন থেকে ৩০০ টাকার তেল পান। কোথাও চাহিদামতো তেল পাননি বলেও জানান তিনি। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবের কারণে তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। গত তিন দিন ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। ফলে পাম্পগুলোও গ্রাহকদের চাহিদামতো তেল দিতে পারছে না। ইরান যুদ্ধ শুরুর পর পরই গ্রাহক পর্যায়েও তেল মজুদ করার কারণে এ সংকট দেখা দিয়েছে।
ভিওডি বাংলা/রমজান আলী/আ







