আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে অবশেষে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) দুপুরে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক এস এম খায়রুল আলম।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে পৃথক সময়ে এই তিন বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। এর মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে ২৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছে বালুখালী নদীতে মাছ ধরার সময় আরও দুজনকে আটক করা হয়।
ফেরত আসা তিনজন হলেন— নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. বাপ্পি (২৮) ও ওসমান গনি রাব্বি (১৮), এবং দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের মো. জনি মিয়া (২২)।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, পরিবারগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে বিজিবি। দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার দুপুরে তাদের দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কক্সবাজার ব্যাটালিয়নের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







