সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।
এই দাবিকে সামনে রেখে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াত।
শুক্রবার সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় কর্মসূচির বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায় কারচুপির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। তাদের দাবি, এই প্রক্রিয়ার পেছনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের সরাসরি ভূমিকা ছিল। জামায়াতের মতে, সাবেক এই দুই উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যগুলো থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলছে যে দেশি ও বিদেশি শক্তির সমন্বয়ে নির্বাচনের ফলাফল একটি পূর্বনির্ধারিত পরিকল্পনার ভিত্তিতে সাজানো হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এক উলামা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাচন প্রসঙ্গে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচন নিয়ে যে গভীর ষড়যন্ত্র হয়েছে, তার রহস্য এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কারা এই অপকর্মের নেপথ্য কারিগর, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “বর্তমান সরকার আদালতের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’কে অবৈধ ঘোষণার অপচেষ্টা চালাচ্ছে।”
ভিওডি বাংলা/এমএস







