ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত: ৪ দিনে ৬শ’র বেশি নিহত

মধ্যপ্রাচ্যের আকাশে মৃত্যুর ছায়া এবং বারুদের গন্ধ ছড়িয়েছে, ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোটের সরাসরি যুদ্ধ।
মঙ্গলবার (৩ মার্চ) চতুর্থ দিনে প্রবেশ করেছে। দুই পক্ষের যৌথ সামরিক অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’ ও ‘অপারেশন রোয়ারিং লায়ন’। চার দিনের ক্রমাগত হামলা-পাল্টা হামলার মধ্যে কমপক্ষে ৬১১ জন নিহত হয়েছে। ধ্বংস হয়েছে শত শত সামরিক ও বেসামরিক অবকাঠামো।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের ইসলামি শাসনব্যবস্থা ও পারমাণবিক সক্ষমতা ভেঙে দেওয়া। শনিবারের হামলায় দাবি করা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসি’র শীর্ষ ৫০ নেতা নিহত হয়েছেন। খামেনির বাসভবনে হামলায় তাঁর স্ত্রী ও সন্তানরাও প্রাণ হারিয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে এবং ৩১টি প্রদেশের ১৩১টি শহর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিস রিপোর্ট অনুযায়ী, একটি গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৫৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পাল্টা জবাবে ইরান ইসরায়েলের অভ্যন্তরে এবং দুবাই, দোহা, কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, ইরানের হামলায় অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত এবং কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েত, আমিরাত ও ইরাকেও হামলায় হতাহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক অভিযানটি কমপক্ষে চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন, “সবচেয়ে কঠিন আঘাত এখনো আসেনি।” লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করেছে, যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান লেবাননে হামলা চালিয়েছে এবং সেখানে ৩১ জন নিহত হয়েছে।
এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস এবং স্বর্ণের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান চলাচল ও বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে। মানবিক বিপর্যয়ের আশঙ্কা ছড়িয়েছে বিশ্বজুড়ে। আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে, কিন্তু তিন পক্ষই এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী উত্তেজনা বৃদ্ধি পেলে আরও বিশাল মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ভিওডি বাংলা/জা







