নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে সব ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দেশটিতে সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের পাশাপাশি করাচি ও লাহোরের কনস্যুলেটেও ভিসা অ্যাপয়েন্টমেন্ট আপাতত বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দূতাবাস সূত্রে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত আগামী শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনি-র মৃত্যুর খবর ঘিরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেটে হামলার চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এই অস্থির পরিস্থিতিতে কূটনৈতিক কর্মী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা।
ভিওডি বাংলা/জা







