• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রংপুরে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

রংপুর প্রতিনিধি    ২ মার্চ ২০২৬, ০৪:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

রংপুরে কারাবন্দি এক যুবলীগ নেতার ম্যানেজারের বাড়িতে ঢুকে বউ-সন্তানসহ গুলি করার হুমকির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রংপুর জেলা যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাদের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ বাতিল করে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

অভিযোগে বলা হয়েছে, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলর হারুন অর রশিদ (কানা হারুন)-এর ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা করেন মনু ও গালিব। ব্যবসা ছেড়ে না দেওয়ায় গত ২২ ফেব্রুয়ারি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রোববার বিকেলে আকিবুল রহমান মনু তার অনুসারীদের নিয়ে ক্যাবল ওয়ান অফিসে প্রবেশ করে শারীরিক হামলা, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর এবং নতুন ফিডার নিয়োগে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মনু মায়া সাইবার ওয়ার্ল্ডের জিএম কাফিকে ফোন করে বলেন, ‘আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস, তাহলে বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’ এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায়। পাশাপাশি ডিস ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগ নেতার পরিবারের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে দ্রুত সমাধান না হলে পরিণতি ভোগের হুমকিও দেন।

এদিকে, সানজিদা ইসলাম নামের এক নারী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার স্বামীর ডিস লাইন ও ইন্টারনেট ব্যবসা জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। তার দাবি, নগরীর শাহীপাড়া, কামাল কাছনা ও দখিগঞ্জ শ্মশান পর্যন্ত ক্যাবল ওয়ান নেটওয়ার্ক থেকে কিনে আখলাকুর রহমান খান পপি ব্যবসা পরিচালনা করতেন। পরে ২০১৫ সালে তার স্বামী নিজাম উদ্দিন সুমন ও ভাসুর হারুন অর রশিদ হারুন চুক্তির মাধ্যমে ব্যবসাটি কিনে নেন এবং তখন থেকেই পরিচালনা করছেন। বর্তমানে ডিস লাইনের পাশাপাশি তাদের ইন্টারনেট সংযোগ ব্যবসাও রয়েছে। বিএনপি সরকার গঠনের পর গালিব ও মনুসহ কয়েকজন যুবদল নেতা জোরপূর্বক ব্যবসা দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের জবাবে তামজিদুর রশিদ গালিব বলেন, ‘২০১৫ সালে আমাকে জেলে পাঠিয়ে আমার ব্যবসা দখল করা হয়েছে।’ ব্যবসার নথি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যবসার কোনো ডকুমেন্টস হয় না। আমি আমার হক আদায় করে নিচ্ছি।’

ঘটনার প্রতিবাদে রংপুর জেলার ক্যাবল ওয়ানের সব সিগন্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সাংগঠনিক আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত
গাইবান্ধা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত
বেড়পাড়া কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, ভোগান্তিতে গ্রামবাসীরা
বেড়পাড়া কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, ভোগান্তিতে গ্রামবাসীরা
অনিয়ম-হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ট্রাক মালিকরা
অনিয়ম-হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ট্রাক মালিকরা