অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ ২ মার্চ পালিত হচ্ছে অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬। তবে দিবসটি উপলক্ষে নির্ধারিত সব আয়োজন আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জারি করা এক আদেশে জানানো হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠপর্যায়ের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস পালিত হবে। তবে এ দিন কোনো কর্মসূচি বাস্তবায়ন করা হবে না, কারণ জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্ধারিত সব আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তিনি জানান, পরবর্তী সময়ে এসব কর্মসূচি আয়োজন করা হবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ হাজার ২৩২ জন।
ভিওডি বাংলা/এমএস







