রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল সৌদি আরবে প্রথম রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে গালফ নিউজ। এর ফলে আগামীকাল থেকেই দেশটিতে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে।
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানায়, আল-মাজমাআ গভর্নরেটের হাওতাত সুদাইর ও তুমাইর এলাকায় চাঁদ দেখা কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হয়।
আল হারিক মানমন্দিরের জ্যোতির্বিদ আবদুলআজিজ আল-মুআইনা জানান, সূর্য স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে অস্ত যায় এবং রমজানের চাঁদ দেখার জন্য আবহাওয়া অনুকূলে ছিল। অনুকূল আবহাওয়ার কারণেই চাঁদ পর্যবেক্ষণ সহজ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত। এই মাসেই লাইলাতুল কদরের রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয়। রমজান মাস জুড়ে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন এবং ইবাদত-বন্দেগিতে অধিক মনোনিবেশ করেন।
রমজান সাধারণত ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়। মাসের শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। ২০২৬ সালের ক্ষেত্রে দুবাইভিত্তিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী রমজান সম্ভবত ২৯ দিনের হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ওপরই নির্ভর করবে।
ভিওডি বাংলা/ আ







