ভোটের আগের রাতে কোরআনের আয়াত শেয়ার করে আজহারির বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন বিষয়ক গণভোট আগামীকাল, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে ভোটারদের প্রতি সচেতনতা জানান দিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ভোটার হিসেবে আমাদের দায়িত্ব যেমনি সৎ ও যোগ্য ব্যক্তিকে আমানত সোপর্দ করা; তেমনি বিজয়ী প্রার্থীর নৈতিক দায়িত্ব হলো সেই আস্থার অমর্যাদা বা খেয়ানত না করা। আল্লাহ আমাদের সকলকে আমানত রক্ষায় নিষ্ঠাবান হওয়ার তৌফিক দিন।”
এই পোস্টে তিনি একটি গ্রাফিক্স কার্ডও শেয়ার করেছেন। তাতে পবিত্র কোরআন মাজিদের সূরা আন-নিসা, ৫৮ নম্বর আয়াত উদ্ধৃত করা হয়েছে, যেখানে বলা হয়েছে, “(হে ঈমানদারগণ!), আল্লাহ তোমাদেরকে যাবতীয় আমানত উপযুক্ত ব্যক্তিদের হাতে অর্পণ করার নির্দেশ দিচ্ছেন।”
এর আগে, ৫ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন,“তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।”
ড. আজহারির এই স্ট্যাটাসগুলো ভোটারদের দায়িত্ববোধ এবং নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করছে।
ভিওডি বাংলা/এমএস







