৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।
জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র্যালিতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সেখান থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
র্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, খালেদ হাসান জুম্মন, আলী কাওসার রানী, আবু নাসের মু নঈম শাহরিয়ার মাহমুদ শাকিলসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, এ হত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যেমন শিক্ষার্থীরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি আগামী ১২ তারিখের গণভোটেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে তাদের অবস্থান জানাবে। তারা আশা প্রকাশ করেন, এই গণভোট ও সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং জনগণের রায়ের মাধ্যমে অন্যায় ও দুষ্কর্মের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা যাবে ।
ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ







