• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই

শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ এ.এম.
জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল-ছবি-ভিওডি বাংলা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। 

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নুরুজ্জামান বাদল হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতের মধ্যেই তাকে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহের উদ্দেশ্যে নেওয়া হয়। তবে পথিমধ্যে রাত আনুমানিক ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। ওই স্থানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই মাসুদ জানান, দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তবে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক রাত ৩টায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

শোকবার্তায় আরও বলা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই শোক সইবার তৌফিক দান করুন।

নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, খবর নিলেন তথ্যমন্ত্রী
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
জেলে থেকেও ছুটির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে জাল প্রেসক্রিপশনের অভিযোগ
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ১ সপ্তাহ সময়: স্বরাষ্ট্রমন্ত্রী