• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিআইডি ও আবাসন পরিদফতর সচিবালয়ের বাইরে স্থানান্তর হচ্ছে !

   ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা তথ্য অধিদফতর (পিআইডি) ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা সরকারি আবাসন পরিদফতরকে সচিবালয়ের বাইরে স্থানান্তর করার কথা ভাবছে সরকার। কারণ হিসেবে জানা গেছে, এ দুটি সংস্থা থেকে যারা সেবা পেতে চান তাদের সচিবালয়ের ভেতরে আসতে পাস জোগাড় করতে হয়, যা কষ্টসাধ্য। অপরদিকে, পাস নিয়ে ভেতরে প্রবেশের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় হুমকির বিষয়টিও সামনে চলে আসে। এসব কারণেই মূলত এ দুটি সংস্থার কার্যক্রম সচিবালয়ের বাইরে কোথাও স্থানান্তর করা যায় কিনা তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল চিন্তাভাবনা করছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ সচিবালয় শুধু মন্ত্রী ও সচিবদের দফতর, যেখানে সরকারের মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। সেখানে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার সরাসরি দাফতরিক কাজকর্ম পরিচালনা অনেকটাই বেমানান। এ ছাড়া সরকারের সব মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলো সচিবালয়ের বাইরে রাজধানীর বিভিন্ন স্থানে দাফতরিক কার্যক্রম পরিচালনা করছে। শুধু সরকারি এই দুটি সংস্থা সচিবালয়ের ভেতরে তাদের দাফতরিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ফলে এতদিন বিষয়টি নিয়ে তেমন কেউ মাথা না ঘামালেও ২৫ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকের টনক নড়েছে। ফলে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে সরকারি সংশ্লিষ্ট মহল।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্য অধিদফতর-পিআইডি ছাড়া তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন অপরাপর সংস্থা- বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, গণযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, বাংলাদেশ সংবাদ সংস্থা, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, তথ্য কমিশন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সচিবালয়ের বাইরে রাজধানীর বিভিন্ন স্থানে তাদের দাফতরিক কার্যক্রম পরিচালনা করছে।

জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে ভিওডি বাংলা অনলাইনকে জানিয়েছেন, সচিবালয় হচ্ছে মন্ত্রী-উপদেষ্টা ও সচিবদের দফতর। সেখানে কোনও অধিদফতর বা পরিদফতরের দফতর থাকা শোভনীয় নয়। এ দুটি সংস্থা ছাড়া সব সংস্থাই তো বাইরে। এ দুটি সংস্থা কেন সচিবালয়ের ভেতরে থাকবে? এ ছাড়া সচিবালয়ের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। বিষয়টি এখনই চূড়ান্ত করা হয়নি। আলাপ-আলোচনা পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অপরদিকে, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিজামুল কবীর ও সরকারি আবাসন পরিদফতরের অতিরিক্ত পরিচালক আবু জাফর রাশেদ জানিয়েছেন, বিষয়টি আমাদের জানা নাই।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি আবাসন পরিদফতর ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বাকি অধিদফতর—গণপূর্ত অধিদফতর, নগর উন্নয়ন অধিদফতর, এইচবিআরআই স্থাপত্য অধিদফতর এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পরিদফতর অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদফতর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানীর বিভিন্ন স্থানসহ দেশের সংশ্লিষ্ট জেলায় তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।

অপরদিকে, বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দফতর। বাংলাদেশ সরকারের সকল নির্বাহী বিভাগীয় কার্য সচিবালয়ে সম্পন্ন হয়। এখানেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা উপদেষ্টাদের দফতর। সচিবালয়ের অভ্যন্তরে সরকারপ্রধান প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দফতরও রয়েছে। এখানেই মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সচিবদের দফতরও এই সচিবালয়ে অবস্থিত। বাংলাদেশ সচিবালয় কেপিআইভুক্ত একটি প্রতিষ্ঠান। গুরুত্বের দিক থেকে বাংলাদেশ সচিবালয় খুবই স্পর্শকাতর স্থাপনা। নিরাপত্তার দিক থেকে এটি বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা ও সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগে ষষ্ঠ থেকে নবম তলায় থাকা পাঁচটি মন্ত্রণালয়ের দফতর পুড়ে যায়। ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। আগুন নির্বাপণ করতে গিয়ে পানির সরবরাহ লাইন সংযোগ দেওয়ার সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী ট্রাকচাপায় নিহত হন। নজিরবিহীন এ আগুনের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে। সেখান থেকেই আলোচিত ওই দুই সংস্থা সরানোর চিন্তার সূত্রপাত বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী ও শিশু নির্যাতন মামলায় ৭০ শতাংশ খালাস, সাজার হার ৩ শতাংশ!
নারী ও শিশু নির্যাতন মামলায় ৭০ শতাংশ খালাস, সাজার হার ৩ শতাংশ!
ডিসি সম্মেলন শুরু হচ্ছে কাল : আলোচনায় উঠছে ৪৯৮ প্রস্তাব
ডিসি সম্মেলন শুরু হচ্ছে কাল : আলোচনায় উঠছে ৪৯৮ প্রস্তাব
বাস্তবতা এখনো জটিল, অনিশ্চয়তার অন্ত নেই
আজ মহান মে দিবস বাস্তবতা এখনো জটিল, অনিশ্চয়তার অন্ত নেই