‘৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই। শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না। রোববার (৫ জানুয়ারি) প্রেস ক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কামাল হোসেন বলেন, জনআকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে। তবে ৭২ এর সংবিধানকে কবর রচনা করতে পারে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণকে নিয়ে লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। সব ষড়যন্ত্রকে নসাৎ করতে ঐক্যের সাথে সকলকে মোকাবেলা করতে হবে। এ সময় সকলকে ধৈর্য্যের সাথে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, আমরা সারাজীবন ষড়যন্ত্র মোকাবিলা করেছি। জনগণের ঐক্যের বিরুদ্ধে তারা সবসময় ষড়যন্ত্র চালিয়ে যায়। ভালো কাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস সবসময়ই থাকে। জনগণকে ঐক্যবদ্ধ করেই এসব মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ঐক্যকে সংহত করেই সামনে এগিয়ে যেতে হবে। জনগনকে নিয়েই আমাদের সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।
সংবাদ সম্মেলনে কামাল হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি পরিষদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী৷
লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরজ করছে তা সমাধানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক ঐক্য। এ ঐক্যের ভিত্তি হচ্ছে আমাদের জাতীয় চেতনা, যা '৫২ এর ভাষা আন্দোলন, '৭১ এর মুক্তিযুদ্ধ, '৭২ এর সংবিধান এবং '২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা।
তিনি বলেন, সময়ের প্রয়োজনে জনআকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংশোধন-কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের জন্য চলমান প্রক্রিয়া। কিন্তু মুক্তিযুদ্ধের অর্জিত ও মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হলে তা আমাদের অগ্রসরমান বাংলাদেশ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করবে। এ ব্যাপারে আমাদের সবার দায়িত্বশীল হওয়া কর্তব্য।







