• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

   ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ পি.এম.

পঞ্চগড় প্রতিনিধি

বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, এখন রাষ্ট্রের এসব সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তাই সংস্কারে জনগণের মতামত, সহযোগিতা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টের শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন, সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের যে সময় ছিল, তার তিন মাস প্রায় ফুরিয়ে এসেছে। তাদের যে প্রস্তাবনা ছিল, তা সরকারকে দেবে। সরকার স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগকে কাজে লাগান। আপনারা আপনাদের মতামত দেবেন।

এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নতুন বাংলাদেশ, নতুন সরকার। সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি-মন্ত্রী হবে। যেদিন ভোট হবে ওইদিন জনগণ হিসেবে তার আগের রাতে কয়েশ বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দেব না। সব থেকে ভালো লোক, যোগ্য লোককে ভোটটা দিতে হবে। 

তিনি বলেন, পাঁচ বছরের জন্য কাকে আপনি ক্ষমতায় বসাবেন এটার সুযোগ মাত্র একবার পাওয়া যায়। এ সুযোগটা যদি কিছু টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাহলে আগামী পাঁচ বছরে ওই লোকটা আপনার ওপর জুলুম করবে। এটার দায় আপনি এড়াতে পারেন না। এ জায়গা থেকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।

বক্তব্য শেষে গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের পরিবারের মধ্যে অর্থ সহায়তা হিসেবে বিভিন্ন অংকের চেক বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমু ও অন্যতম সমন্বয়ক সারজিস আলম।  

একই সময় আটোয়ারী উপজেলার প্রায় দুই হাজার দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তারা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খানসহ প্রশাসনিক কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলার তেঁতুলিয়া উপজেলায় হেলিকপ্টারে করে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন আসিফ মাহমুদ ও সারজিস আলম। সেখানেও শীতবস্ত্র বিতরণ করেন তারা।  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত