জাহাজে সাত খুনের ঘটনায় সন্দেহভাজন ইরফান গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে ইশানবালা খালে নোঙর করা এমভি আল-বাখেরা নামের একটি সারবাহী জাহাজে সাত খুনের ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফানকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
ব-১১ জানিয়েছে, এ বিষয়ে বুধবার দুপুরে বিস্তারিত ব্রিফ করা হবে।
এর আগে গতকাল দায়ের করা মামলায় জানা যায় ওই জাহাজে আটজন নন, ৯ জন ছিলেন। আর ওই ব্যক্তি হলেন আকাশ মন্ডল ইরফান। কথা বলতে অপারগ সুকানি জুয়েল লিখে এ তথ্য জানান। পরে গতকালই ৭ জনকে খুনের ঘটনায় মামলা করেন জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ডাকাত দলকে।
বাদী মামলার এজাহারে আহত ও খুন হওয়া ব্যক্তিদের নাম উল্লেখ করেন। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন—মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, শেখ সবুজ, সালাউদ্দিন, আমিনুর মুন্সী ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত হয়েছেন সুকানি মো. জুয়েল।
মামলার বাদী এজাহারের বিবরণে উল্লেখ করেন, আহত জুয়েলের গলায় জখম থাকায় কথা বলতে না পারায় ডাকাত দলের বিস্তারিত বিবরণ দিতে পারেনি। সে সুস্থ হলে ডাকাত দল দেখলে চিনবেন বলে ইশারায় জানায়। তবে জাহাজে ৯ জন ছিল বলে লিখে জানিয়েছেন জুয়েল। ৯ নম্বর ব্যক্তির নাম ইরফান। তবে তার ঠিকানা দিতে পারেনি।
ঘটনার পর পুলিশ ওই জাহাজ পরিদর্শনের সময় একটি রক্তাক্ত চাইনিজ কুঠার, একটি ফোল্ডিং চাকু, দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ, নগদ ৮ হাজার টাকা, একটি বাংলা খাতা, একটি সিল, একটি হেডফোন, এক মুঠো ভাত ও এক টেবিল চা চামচ তরকারি জব্দ করে বলেও এজাহারে উল্লেখ।
নৌ-পুলিশ জানিয়েছে, আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে চিকিৎসাধীন রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন বলেন, রাতে ৩৯৬ / ৩৯৭ ধারায় মামলাটি দায়ের করেন জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ । মামলা নম্বর (১৭ / ১৬৬)।
মামুন/ভিওডি বাংলা







