দেশের মানচিত্রের ভেতরের সবাই বাংলাদেশি: ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানচিত্রের মধ্যে যারা আছেন, তারা সবাই বাংলাদেশি। এখানে কেউ সংখ্যালঘুও না সংখ্যাগুরুও না। তবে ঐক্যবদ্ধ না থাকলে দুর্বল হয়ে যাবার আশঙ্কা রয়েছে।
দেশের সংখ্যালঘুরা নিরাপদ জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িকতার ট্যাগ লাগানোর যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের চার উপজেলায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
উত্তরের জেলা দিনাজপুরের ঘোরাঘাট-নবাবগঞ্জ-বিরামপুর ও হাকিমপুর এই চার উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বি মানুষের সংখ্যা প্রায় পৌনে দুই লাখ। সব মিলে এখানে চার্চ সংখ্যা ২৪৩ টি।
সংখ্যায় অনেক হলেও এতদিন পিছিয়ে ছিলো এই জনগোষ্ঠী। তবে এবার শুভ বড়দিনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পিছিয়ে পরা এই জনগোষ্ঠীর পাশে দাড়িয়েছে বিএনপি।
চার উপজেলার খ্রিস্টা ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহযোগিতা করেছেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। তাদের প্রতিনিধির কাছ থেকে শুনেছেন কীভাবে এতোদিন নিগৃহীত হয়েছেন তারা।
ডা. জাহিদ তাদের আশ্বস্ত করেছেন, সংখ্যালঘুদের কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই যে, তারা সমাজে পিছয়ে পরা মানুষ। বিএনপি কোনো ধরনের বৈষম্যে বিশ্বাস করে না।
পরাজিত শক্তি দেশকে সাম্প্রদায়িকতার ট্যাগ দিতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে জানিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলার কথা জানান এই বিএনপি নেতা।
দলের ঘোষিত ৩১ দফায় যে রেইনবো নেশনের কথা বলা হয়েছে রাষ্ট্র ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির এই নীতি নির্ধারক।







