• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

   ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি এখন ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হয়েছে; যার প্রভাবে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সাত বিভাগে বৃষ্টি ঝরার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি সকাল ৯টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

বুধবার দুপুরে তিনি বলেন, ‘এটা শক্তিশালী কিছু হওয়ার সম্ভাবনা নাই৷ ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, দুর্বল হওয়ার সময় বৃষ্টি ঝরাবে।’

বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে সেটি হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে ধরা হয় অতিভারি বৃষ্টিপাত।

আবহাওয়ার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সোমবার রাতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপটি তৈরি হয়, এ নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হল।

নভেম্বরেও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেওয়া হয় ‘ফেইনজাল’। সেটি ভারতের তামিল নাডু উপকূলে আঘাত হানে। ফলে বাংলাদেশে এর তেমন প্রভাব পড়েনি।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়ে এতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখেছে কক্সবাজার।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
২০ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি